
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা কীভাবে কর্মসূচি পালন করব, তা বিএনপির কাছ থেকে শিখতে হবে না। নিজেদের কর্মসূচি আমরা নিজেরাই নির্ধারণ করব।’
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপির কেউ কেউ এনসিপির কর্মসূচিকে লং মার্চ নয়, রোড মার্চ কিংবা লং ড্রাইভ হিসেবে আখ্যা দিচ্ছেন। তিনি বলেন, আমাদের কর্মসূচি যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়ার কর্মসূচিও লং ড্রাইভ বলতে হবে। আর সেটি যদি লং মার্চ হয়, তাহলে আমাদেরটিও লং মার্চ।
বিএনপির অতীতের বিরোধী দলীয় ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিলেন, তখন একটি বালুর ট্রাক দিয়েই পুরো লং মার্চ শেষ করে দেওয়া হয়েছিল। সেই বালুর ট্রাকও সরাতে পারেননি। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদের বিরোধী দলের কার্যক্রম পরিচালনা করতে হবে না।
তিনি আরও বলেন, বিএনপি যদি নিজেদের অবস্থান থেকে এনসিপিকে প্রতিরোধ করার চিন্তা করে, তাহলে এর ফল কখনো ভালো হবে না।
বাকস্বাধীনতা প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপির কোনো নেতা বা কেন্দ্রীয় সদস্য অনুপযুক্ত ভাষায় মন্তব্য করলে দল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। কিন্তু বিএনপির বিরুদ্ধে সমালোচনাকারীদের ক্ষেত্রে ভিন্ন আচরণের অভিযোগ করেন তিনি।
তার অভিযোগ, এনসিপির এক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার, কারাগারে পাঠানো এবং রিমান্ডে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনি জামিনও পাননি বলে দাবি করেন সারজিস আলম।
তিনি বলেন, ‘তাহলে তারেক রহমান যে বাকস্বাধীনতার কথা বলেন, সেগুলো মিথ্যা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আমরা কি মনে করব, তার মুখের কথা এক আর মনের কথা আরেক?’
সিফাত নামের এক তরুণকে নিয়ে দায়ের হওয়া মামলার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, ‘সে যে ভাষায় গালি দিয়েছে, সেই ভাষাকে আমরা সমর্থন করি না। কিন্তু তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেটি মিথ্যা মামলা।’ তিনি দাবি করেন, ঘটনাটি এক বছর আগের হলেও তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবির। এতে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।