
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠি সদর হাসপাতালে আশ্রয় নেওয়া ৬০ বছর বয়সী এক অন্ধ ভবঘুরে নারীকে হাসপাতাল এলাকা থেকে তুলে নিয়ে দুই দফা ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেল্লাল সিকদার ও নাসির নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
হাসপাতাল-সংশ্লিষ্টরা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে ঝালকাঠি সদর হাসপাতাল এলাকায় অবস্থান করছিলেন। ভবঘুরে হওয়ায় হাসপাতালের রোগীদের কাছ থেকে খাবার চেয়ে খেতেন এবং বিভিন্ন বেঞ্চে রাত কাটাতেন। চোখে দেখতে না পাওয়ায় তিনি অন্যের সহযোগিতার ওপর নির্ভরশীল ছিলেন।
ভুক্তভোগী নারী ও হাসপাতালের আশপাশের স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে দুই ব্যক্তি ওই নারীকে হাসপাতাল এলাকা থেকে তুলে নিয়ে যান। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাঁকে দুই দফা ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। পরে ওই দিনই বেলা ১১টার দিকে বেল্লাল সিকদারকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নাসিরকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ‘ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।’
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ‘পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’