বিএম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, হল ছাড়তে বাধ্য হলো শিবির কর্মীরা

হোম » শিক্ষা » বিএম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, হল ছাড়তে বাধ্য হলো শিবির কর্মীরা
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে কলেজ ক্যাম্পাস ও দুটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এ সময় শিবির কর্মীদের মারধর করে হল ও ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন তারা।

 

তবে ছাত্রদলের দাবি, শিবির ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তারা তা প্রতিরোধ করেছে। ঘটনার পর থেকে বিএম কলেজ ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার পর কয়েকশ ছাত্রদল কর্মী ফ্লাইট সার্জন ফজলুল হক হল ও মহাত্মা অশ্বিনী কুমার হলে গিয়ে শিবির কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তারা শিবির কর্মীদের মারধর করে হল থেকে বের করে দেয়।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শিবির কর্মীরা প্রতিরোধের চেষ্টা করলেও ছাত্রদলের সংঘবদ্ধ অবস্থানের মুখে তারা পিছু হটে ক্যাম্পাস ত্যাগ করেন। বর্তমানে পুরো ক্যাম্পাস ছাত্রদলের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন তারা।

 

কলেজ শাখা ছাত্রদলের নেতা আকবর মুবিন বলেন, ‘ছাত্রশিবির ক্যাম্পাসে প্রবেশ করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছিল। ছাত্রদল তা প্রতিরোধ করেছে। শিবির কর্মীরা আক্রমণাত্মক আচরণ করলে তাদের ছাত্রাবাস ও ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।’

 

অন্যদিকে ছাত্রশিবিরের কর্মী আশরাফুল ইসলাম, আরিফুর রহমান ও আমিরুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে তাদের মারধর করেন এবং ছাত্রাবাস থেকে বের করে দেন।

 

মহাত্মা অশ্বিনী কুমার হলের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার বিষয়টি সত্য। এ নিয়ে কলেজ অধ্যক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।’

 

ফ্লাইট সার্জন ফজলুল হক হলের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির বলেন, ‘ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ঝামেলা হয়েছে। শিবির কর্মীদের হল ছাড়ার জন্য ছাত্রদল নির্দেশ দিয়েছে। বিষয়টি নিয়ে সভা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

এদিকে, বিকেল থেকে রাত পর্যন্ত লাঠিসোঁটা নিয়ে বিএম কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের অবস্থানের কারণে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রশিবির সমর্থিত সাংস্কৃতিক সংগঠন মুক্তকণ্ঠ আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে।

 

ঘটনার পর কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘বিএম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ৮:৩১:০৫ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ