চাঁদা তোলার ঘটনায় জব্দ হাতি মালিককে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আদালতের

হোম » ঢাকা » চাঁদা তোলার ঘটনায় জব্দ হাতি মালিককে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আদালতের
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


 

চাঁদা তোলার ঘটনায় জব্দ হাতি মালিককে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আদালতের

সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর

 

ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় চাঁদা এড়াতে গিয়ে ইজিবাইক দুর্ঘটনায় ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় জব্দ করা হাতিটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) আদালতের আদেশের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হাতিটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, হাতিটির মালিক নওগাঁ জেলার ব্যবসায়ী দুলাল দেওয়ান। হাতিটি একটি সার্কাস দলের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মাহুত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের বাসিন্দা। তাকে আগেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাতিটির বিষয়ে পরবর্তী করণীয় জানতে বন বিভাগ ও পুলিশ আদালতের শরণাপন্ন হলে আদালত মালিকের কাছে হাতিটি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

 

বর্তমানে হাতিটি সদরপুর থানা প্রাঙ্গণে বিশেষ তত্ত্বাবধানে রয়েছে। গত সাত দিন ধরে হাতিটির দেখভাল করছেন মালিকের পক্ষ থেকে পাঠানো মাহুত নাজমুল সরদার। তিনি নিয়মিত হাতিটিকে গোসল করানো, খাওয়ানো ও হাঁটানোর দায়িত্ব পালন করছেন। তবে থানা প্রাঙ্গণে হাতির জন্য স্থায়ী খাদ্যব্যবস্থা না থাকায় খাবার জোগাড়ে বেগ পেতে হয়েছে। স্থানীয়দের সহযোগিতা ও মালিকের উদ্যোগে খাদ্যের ব্যবস্থা করা হলেও তা সব সময় পর্যাপ্ত ছিল না।

 

থানায় অবস্থানকালে হাতিটি দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভিড় জমে। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন। স্থানীয়দের কাছে এটি এক ধরনের আকর্ষণে পরিণত হয়েছে।

 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আল মামুন শাহ বলেন, ‘মঙ্গলবার বিকেলে আদালতের সিদ্ধান্ত জানতে পেরেছি। আদালত হাতিটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হাতিটি মালিকের কাছে হস্তান্তর করা হবে।’

 

গত ২৮ জুলাই দুপুরে সদরপুর উপজেলার আটরশি এলাকায় হাতি নিয়ে সড়কে চাঁদা তোলার সময় চাঁদা এড়াতে গিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের সঙ্গে থাকা ১০ মাস বয়সী আরিশা জান্নাত গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মাহুতকে আটক করে মারধর করেন এবং হাতিটিকেও আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে গ্রেপ্তার ও হাতিটিকে জব্দ করে সদরপুর থানায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৯:৪২:৩২ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ