জুলাই যোদ্ধাদের সম্মানে জিয়ানগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি

হোম » পিরোজপুর » জুলাই যোদ্ধাদের সম্মানে জিয়ানগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


 

জুলাই যোদ্ধাদের সম্মানে জিয়ানগরে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগরে জুলাই যোদ্ধাদের সম্মানে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) পিরোজপুর জেলা পরিষদ ও জিয়ানগর মেহেউদ্দীন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

পিরোজপুর জেলা পরিষদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মেহেউদ্দীন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজনরা অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত পিরোজপুর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদকের কুফল থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। একটি সবুজ ও মাদকমুক্ত পিরোজপুর গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

 

বিদ্যালয়ের সভাপতি আ. ফ. ম. আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ এবং মেহেউদ্দীন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন গাজী।

 

পরে অতিথিরা বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৪১ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ