পাথরঘাটায় ভয়াবহ লোডশেডিং, বরফ সংকটে সাগরে যেতে পারছেন না জেলেরা

হোম » লিড নিউজ » পাথরঘাটায় ভয়াবহ লোডশেডিং, বরফ সংকটে সাগরে যেতে পারছেন না জেলেরা
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


 

পাথরঘাটায় ভয়াবহ লোডশেডিং, বরফ সংকটে সাগরে যেতে পারছেন না জেলেরা

সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)

 

বরগুনার পাথরঘাটা উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে বিদ্যুতের লোডশেডিং। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন জেলে, বরফকল মালিক, ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। চলমান এইচএসসি পরীক্ষার মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে।

 

স্থানীয়দের অভিযোগ, এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর টানা তিন থেকে চার ঘণ্টা লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ সংকটে উপজেলার বরফকলগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে জেলেদের প্রয়োজনীয় বরফ সরবরাহে সংকট তৈরি হয়েছে।

 

পর্যাপ্ত বরফ না থাকায় মাছ সংরক্ষণে ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে অনেক জেলে গভীর সাগরে মাছ ধরতে যেতে পারছেন না। ট্রলার মালিক ও জেলেরা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। মৎস্যনির্ভর এ উপজেলায় দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকট স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

 

এদিকে ভ্যাপসা গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। অনেকেই মোমবাতি ও কুপির আলোয় পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও গরমের কারণে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

 

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পর্যাপ্ত বরফ না পাওয়ায় বহু ট্রলার সাগরে যেতে পারছে না। এতে প্রতিদিন ট্রলার মালিক ও জেলেরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

 

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি বিদ্যুৎ অফিসে গেলে তাকে হয়রানির চেষ্টা করা হয়েছিল।

 

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদিরুজ্জামান বলেন, বর্তমানে পাথরঘাটায় ভান্ডারিয়া থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভান্ডারিয়া থেকে পাথরঘাটার দূরত্ব প্রায় ৬৬ কিলোমিটার এবং মাঝপথে মঠবাড়িয়া উপজেলার ৩৩ কেভি বিদ্যুৎ লাইন রয়েছে। দীর্ঘ এ সঞ্চালন ব্যবস্থার কারণে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের সমস্যা দেখা দেয়।

 

তিনি বলেন, পাথরঘাটায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হলে নিকটবর্তী বরগুনা থেকে সরাসরি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা প্রয়োজন। এতে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট ও জনভোগান্তি অনেকটাই কমবে।

 

পাথরঘাটা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আরিফ শাহরিয়ার বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাস সংকট দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। পাথরঘাটা উপজেলায় দৈনিক প্রায় ১৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে বর্তমানে মাত্র ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। এ কারণে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৬ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ