
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের একটি বিশাল তবল মাছ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনা হলে তা একনজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী।
জেলেদের ভাষ্য, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে আখি ফিস ও তহুরা ফিসের মাধ্যমে নিলামের আয়োজন করা হয়। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে রুবেল ঘরামী মাছটি ক্রয় করেন। এতে প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ৬৬৭ টাকা।
স্থানীয়ভাবে তবল নামে পরিচিত এ সামুদ্রিক মাছকে অনেকেই ট্রেভ্যালি বলে থাকেন। কুয়াকাটা অঞ্চলের বিভিন্ন এলাকায় এটি তবলি, বগা বা খাঁদিয়া নামেও পরিচিত। স্বাদ, পুষ্টিগুণ এবং তুলনামূলক কম কাঁটা থাকায় বাজারে এ মাছের চাহিদা বরাবরই ভালো।
মৎস্যজীবীরা জানান, গভীর সমুদ্রে তবল মাছের দেখা মিললেও এত বড় আকারের মাছ সচরাচর ধরা পড়ে না। তাই মাছটি বন্দরে পৌঁছানোর পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি হয়।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক প্রজাতি। বড় আকারের এ ধরনের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের ইতিবাচক দিক নির্দেশ করে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ধরা পড়া তবল মাছটি অর্থনৈতিকভাবে মূল্যবান একটি সামুদ্রিক প্রজাতি। এ ধরনের মাছের প্রাপ্তি বাড়লে উপকূলীয় জেলেদের আয়ও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।