
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকর ও নিরবচ্ছিন্ন রাখতে পিরোজপুর জেলায় সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সিভিল সার্জন কার্যালয়।
সোমবার (৩ আগস্ট) পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি কর্মঘণ্টায় কোনো সরকারি চিকিৎসক ব্যক্তিগত বা প্রাইভেট প্রাকটিসে নিয়োজিত থাকতে পারবেন না।
এতে আরও বলা হয়, সরকারি কর্মঘণ্টার মধ্যে কোনো চিকিৎসকের প্রাইভেট প্রাকটিস করার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে সরকারি কর্মঘণ্টায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা অন্য কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস পরিচালিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া পিরোজপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনকে বিষয়টি তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।