
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে স্মরণসভা, দোয়া মাহফিল এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) নগরীর বিডিএস ভবনের মিলনায়তনে রহমাতুল্লাহ সমাজকল্যাণ সংস্থা (আরএসএস)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক অসহায় ও সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। তিনি বলেন, সরকার সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে কাজ করছে। পিছিয়ে থাকা নারী জনগোষ্ঠীর উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগ বাস্তবায়নে সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
প্রধান আলোচক বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের ইতিবাচক উদ্যোগে বাধা সৃষ্টি করার চেষ্টা সমাজ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বলেন, ৩১ দফার আলোকে নারী সমাজের উন্নয়ন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যেও সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও বীর নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন এবং অধ্যাপক ডা. আমিনুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রহমাতুল্লাহ সমাজকল্যাণ সংস্থার উদ্যোক্তা নাজমুস সাকিব। সঞ্চালনা করেন তারিক সুলাইমান ও ইলিয়াস আহমেদ।