
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার তালতলী উপজেলায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ মো. শাহজালাল (৪৮) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোটভাইজোড়া আশ্রয়ণ কেন্দ্রের ১ নম্বর ব্যারাক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেপ্তার শাহজালাল ছোটভাইজোড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা এবং মৃত মো. আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে শাহজালালকে তার বসতঘরের সামনে থেকে গ্রেপ্তার করে। পরে তার দখল থেকে গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (নিঃ) মো. মঞ্জুরুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় মামলা করেন।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।