ভাণ্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ, যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ, যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে
রবিবার ● ২ আগস্ট ২০২৬


 

ভাণ্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ, যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদল নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।

 

তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘হামলা-মামলা, জুলুম-নির্যাতন করে ফ্যাসিস্ট হাসিনা টিকতে পারেনি। নব্য ফ্যাসিস্টরাও টিকতে পারবে না। প্রশাসনের উচিত অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ চলা।’

 

অভিযোগ অনুযায়ী, হামলার শিকার হয়েছেন ভাণ্ডারিয়া পৌর জামায়াতের সেক্রেটারি মো. আনোয়ার হোসেন ও ধাওয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নাছির উদ্দিন।

 

আহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, রবিবার সকালে তারা ভাণ্ডারিয়া উপজেলা আইনশৃঙ্খলা সভায় অংশ নিতে যান। সভায় একটি বিষয় নিয়ে জামায়াত নেতাদের সঙ্গে উপজেলা যুবদলের সদস্যসচিব এইচ এম শামীম ও বিএনপি নেতাদের মতবিরোধ এবং কথাকাটাকাটি হয়।

 

পরে সভা শেষে জামায়াত নেতারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বের হলে তাদের ওপর দুই দফায় হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তারা আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

তবে এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা বা বিএনপি নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৩৬ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ