মোংলায় থুথু নিক্ষেপ, কুশপুত্তলিকা দাহ নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত এমপির বিরুদ্ধে বিএনপির ক্ষোভ

হোম » রাজনীতি » মোংলায় থুথু নিক্ষেপ, কুশপুত্তলিকা দাহ নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত এমপির বিরুদ্ধে বিএনপির ক্ষোভ
বুধবার ● ২২ জুলাই ২০২৬


 

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত এমপির বিরুদ্ধে বিএনপির ক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

 

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, প্রতীকী থুথু নিক্ষেপ এবং গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেছেন তারা।

 

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় মোংলা পৌরসভার সামনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ নেতাকর্মীরা অংশ নেন।

 

সমাবেশে মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, পৌর যুবদলের সদস্যসচিব আবুল কাশেম এবং উপজেলা বিএনপির নেত্রী নার্গিস বেগমসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় নারীদের ওপর নির্যাতনের যে অভিযোগ রয়েছে, দলটির রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে এখনো সেই বিতর্কিত মানসিকতার প্রতিফলন দেখা যায়। তাদের অভিযোগ, ধর্মের আবরণ ব্যবহার করে নারীর মর্যাদা ও নিরাপত্তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসছে।

 

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নারী কেলেঙ্কারির অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্য উদ্‌ঘাটন এবং দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

সমাবেশ শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রতীকী থুথু নিক্ষেপ করেন। পরে তার কুশপুত্তলিকা দাহ করে অভিযোগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৪:০৩:৩৭ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ