প্রযুক্তির অপব্যবহারে বিপর্যস্ত তরুণ প্রজন্ম, উত্তরণের উপায় কী?

হোম » প্রযুক্তি » প্রযুক্তির অপব্যবহারে বিপর্যস্ত তরুণ প্রজন্ম, উত্তরণের উপায় কী?
বুধবার ● ৮ জুলাই ২০২৬


 

প্রতীকী ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত

সাগরকন্যা ডেস্ক

প্রযুক্তি মানুষের জীবনকে সহজ ও গতিশীল করলেও এর অপব্যবহার এখন তরুণ প্রজন্মের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, হত্যা, ধর্ষণ, যৌন হয়রানি, চাঁদাবাজি, সাইবার প্রতারণা, মাদকপাচার ও অনলাইন অপরাধে তরুণদের সম্পৃক্ততা বাড়ছে। দ্রুত ছড়িয়ে পড়া ডিজিটাল সংস্কৃতি ও অতিরিক্ত প্রযুক্তিনির্ভর জীবনধারা এ সংকটকে আরও বাড়িয়ে তুলছে।

অভিভাবকদের অভিযোগ, স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসের প্রতি শিশু-কিশোরদের আসক্তি উদ্বেগজনক। ডিভাইস ব্যবহারে বাধা দিলে অনেকেই অস্বাভাবিক আচরণ করে। শিক্ষার্থীদের মতে, প্রযুক্তি নয়, এর অপব্যবহারই মানবতার জন্য বড় হুমকি। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রতি ১০০ জনের মধ্যে অন্তত ৬৪ জন প্রতিদিন গড়ে চার ঘণ্টা প্রযুক্তির পর্দার সামনে কাটান। অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার শিশু-কিশোরদের সামাজিক বিচ্ছিন্নতা, মানসিক সমস্যা ও অপরাধপ্রবণতার ঝুঁকি বাড়ায়। বাংলাদেশেও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটির বেশি হওয়ায় সচেতন ব্যবহারের গুরুত্ব আরও বেড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, প্রযুক্তির অতিনির্ভরতা বাস্তব সামাজিক সম্পর্ক দুর্বল করে এবং মানুষকে একাকীত্বের দিকে ঠেলে দেয়। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অনন্য প্রতীক রাউতের মতে, প্রযুক্তির অপব্যবহার এখন ব্যাংক জালিয়াতি, অনলাইন প্রতারণা, সাইবার হয়রানি ও অপরাধী চক্রের অন্যতম হাতিয়ার। তাই সময়োপযোগী আইন ও কার্যকর প্রয়োগ জরুরি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইয়াসিন আল রাজীর ভাষ্য, প্রযুক্তির অপব্যবহার রোধে দেশে আইন ও সাইবার অপরাধ দমনকারী সংস্থা থাকলেও তরুণদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে আরও সচেতনতা তৈরি করতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমানের মতে, প্রযুক্তিকে পরিহার নয়, বরং পরিবারে নৈতিক শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা, মনস্তাত্ত্বিক সহায়তা এবং রাষ্ট্রের কার্যকর নীতিমালার মাধ্যমেই এ সংকট থেকে উত্তরণ সম্ভব।

বাংলাদেশ সময়: ৬:৪২:৩১ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ