
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় থামিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগে আটক হওয়া দুই বাসশ্রমিককে পুলিশ পৌঁছানোর আগেই ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী মডেল থানার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন গ্রিন লাইন কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বলাকা সার্ভিসের সুপারভাইজার মো. সাজু (৩০) ও হেলপার মো. আসলাম (৪৫) একটি বাসের ভেতরে বসে ইয়াবা সেবন করছিলেন। এ সময় পাশের একটি চায়ের দোকানে অবস্থানরত সরকারি বিএম কলেজের শিক্ষার্থী খান শাওনসহ কয়েকজন শিক্ষার্থী বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করেন।
পরে অভিযুক্তদের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের গুঁড়া ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। বিষয়টি জানিয়ে কোতোয়ালী মডেল থানায় খবর দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নথুল্লাবাদ বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ রহস্যজনক কারণে ওই দুই ব্যক্তিকে ছেড়ে দেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার পর বাস টার্মিনাল এলাকায় মাদক সেবন ও সংশ্লিষ্টদের দায়বদ্ধতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।