ভাণ্ডারিয়ায় পোনা নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় পোনা নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু
বুধবার ● ১৭ জুন ২০২৬


ভাণ্ডারিয়ায় পোনা নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পোনা নদীতে গোসল করতে গিয়ে আলী হোসেন মাঝি (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন মাঝি উত্তর শিয়ালকাঠি গ্রামের মৃত হাজী মহব্বত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আলী হোসেন মাঝি মঞ্জু মার্কেট এলাকার একটি দোকানে বসে ফুটবল খেলা দেখছিলেন। খেলা শেষে সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ বাড়ির সামনের পোনা নদীর খেজুর গাছের ঘাটলায় গোসল করতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। পরে স্রোতের টানে তিনি ভেসে বাঞ্ছার খাল এলাকার দিকে চলে যান।

সকাল সাড়ে ৯টার দিকে বরফ কল এলাকা সংলগ্ন মামুনের দোকানের সামনে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে নৌকার সাহায্যে মরদেহটি উদ্ধার করা হয় এবং আলী হোসেন মাঝি হিসেবে শনাক্ত করা হয়।

নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন মাঝি জানান, তিনি সকালে মঞ্জু মার্কেট এলাকায় গিয়ে ফুটবল খেলা দেখছিলেন। পরে বাড়ির সামনে নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

রত্নেশ্বর কুমার মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে অসাবধানতাবশত নদীতে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:০১:২৬ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ