বাজেট পুনর্বিবেচনার দাবি জামায়াতের: ঘাটতি অর্থায়ন নিয়ে স্বচ্ছতার প্রশ্ন

হোম » রাজনীতি » বাজেট পুনর্বিবেচনার দাবি জামায়াতের: ঘাটতি অর্থায়ন নিয়ে স্বচ্ছতার প্রশ্ন
শনিবার ● ১৩ জুন ২০২৬


 

বাজেট পুনর্বিবেচনার দাবি জামায়াতের:  ঘাটতি অর্থায়ন নিয়ে স্বচ্ছতার প্রশ্ন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম বলেছেন, সম্প্রতি ঘোষিত বাজেটে প্রায় দুই লক্ষ কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে। এই বিপুল ঘাটতি অর্থ কোথা থেকে আসবে, সে বিষয়ে বাজেটে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। তাই জনগণের স্বার্থ বিবেচনায় সরকারকে বাজেট পুনর্বিবেচনা করা উচিত।

 

তিনি বলেন, সম্প্রতি যে বাজেট দেওয়া হয়েছে, এ বাজেটে দুই লক্ষ কোটি টাকা ঋণ ধরা হয়েছে। এই ঘাটতি বাজেটের টাকা কোথা থেকে আসবে- এটার কোনো নির্দিষ্ট কথা নেই। এজন্য আমরা মনে করি বাজেট নিয়ে যে প্রতিক্রিয়া এসেছে, সরকার এগুলো বিবেচনায় নেবে এবং জনগণের সরকার হিসেবে সর্বস্তরের মানুষের চিন্তাকে ধারণ করে বাজেট পুনর্বিবেচনা করবেন।

 

শনিবার (১৩ জুন) পিরোজপুরের জিয়ানগর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, জনগণের সাথে প্রতিশ্রুতির বিপরীতে যারা কাজ করেছে, জনগণ তাদের রুখে দিয়েছে। ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ তাদের পালিয়ে যেতে বাধ্য করেছে। জনগণ ভোট দিয়েছে, কিন্তু তারা জনগণের রায় মানছে না। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে, তাহলে তাদের পরিণতি ভালো হবে না বলেও তিনি মন্তব্য করেন।

 

সভায় জিয়ানগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জামায়াত মনোনীত জিয়ানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাসিম সাঈদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭:০২:৩৯ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ