
সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের কোতয়ালী ও মধুখালী থানা এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ১৯ কেজি গাঁজাসহ খাগড়াছড়ির চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- মোস্তফা কামাল (২৭), মো. রাশেদুল ইসলাম (২৬), মো. মনির হোসেন ওরফে রুবেল (২৬) এবং মো. আমির হোসেন (২৪)। তারা সবাই খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা।
র্যাব-১০-এর পক্ষ থেকে বুধবার (১০ জুন) বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) রাত ৮টার দিকে র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১০ কেজি গাঁজাসহ মোস্তফা কামাল ও রাশেদুল ইসলামকে আটক করা হয়। এ সময় জব্দকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য ছিল প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
অন্যদিকে, বুধবার (১০ জুন) ভোর ৬টার দিকে মধুখালী থানাধীন বেল্লাকান্দি এলাকায় একই ইউনিটের আরেকটি চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজাসহ মনির হোসেন ও আমির হোসেনকে আটক করা হয়। জব্দকৃত মাদকের অবৈধ বাজার মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, মাগুরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের হস্তান্তর করা হয়।