তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নে জেলে ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ

হোম » লিড নিউজ » তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নে জেলে ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
রবিবার ● ৭ জুন ২০২৬


 

এটি প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, তজুমদ্দিন (ভোলা)

 

ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে জেলে ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

 

এ বিষয়ে রবিবার (৭ জুন) অর্ধশতাধিক জেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সোনাপুর ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ৫ হাজার ৬০০ জন। এর মধ্যে মৎস্য অধিদপ্তর ২ হাজার ৭৮০ জন জেলের বিপরীতে ৪৪৫ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়। বরাদ্দ অনুযায়ী জনপ্রতি ৪০ কেজি করে ৪ মাসে মোট ১৬০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও বাস্তবে ৫ হাজার ৬০০ জনের মধ্যে বিতরণের লক্ষ্যে জনপ্রতি ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।

 

জেলেরা অভিযোগ করে বলেন, আমাদের বলা হয়েছিল কোনো নিবন্ধিত জেলে বাদ পড়বে না। এজন্য জনপ্রতি ৮০ কেজি করে ৫ হাজার ৬০০ জেলের মধ্যে চাল বিতরণ করা হবে। কিন্তু ৪ শতাধিক নিবন্ধিত জেলে ভিজিএফ চাল থেকে বঞ্চিত হয়েছেন।

 

তারা আরও অভিযোগ করেন, চালের জন্য জেলে কার্ডের ফটোকপি জমা দিলে প্যানেল চেয়ারম্যান তা ছিঁড়ে ফেলেন। সোনাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রিজন মেম্বার ও ইউনিয়ন সচিব মিলে ৪ শতাধিক কার্ডধারী জেলেকে চাল না দিয়ে বরাদ্দকৃত সরকারি চাল বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ করা হয়। চরাঞ্চল থেকে এসে জেলেরা দিনের পর দিন ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছেন বলে তারা জানান।

 

অভিযোগের বিষয়ে সোনাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রিজন মেম্বার বলেন, অনিয়মের অভিযোগ সঠিক নয়। প্রায় ৫ হাজার জেলেকে মাস্টাররোল অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ করা হয়েছে।

 

এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, মৎস্য অধিদপ্তর বরাদ্দ দেয়, বিতরণের দায়িত্ব ইউনিয়ন পরিষদের। সোনাপুর ইউনিয়নের বেশ কয়েকজন জেলে অফিসে এসে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন বলেন, জেলেদের চাল আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:২৭:০৮ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ