আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, দাফন সম্পন্ন

হোম » শোক/মৃত্যুবার্ষিকী » আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, দাফন সম্পন্ন
মঙ্গলবার ● ২ জুন ২০২৬


 

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, দাফন সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ওহাব মিয়া (৬০) মারা গেছেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ঘটখালী এলাকায় সড়কের পাশে হেঁটে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

তিনি উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী (পাড়ের বাড়ি) গ্রামের মৃত মকদুম আলী হাওলাদারের ছেলে এবং ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

 

মঙ্গলবার (২ জুন) বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়ি ঘটখালীতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা গভীর শোক প্রকাশ করেছেন।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ সড়ক দুর্ঘটনায় সাবেক ওই ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:০৪:২০ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ