চরফ্যাশনে মাদক কারবারিকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ

হোম » ভোলা » চরফ্যাশনে মাদক কারবারিকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ
সোমবার ● ২৫ মে ২০২৬


চরফ্যাশনে মাদক কারবারিকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলা-এর দক্ষিণ আইচা এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় একদল যুবক।

সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে দক্ষিণ আইচা মহাসড়কের চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকের পর স্থানীয় যুবকরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে বাবুলকে জুতার মালা পরিয়ে দক্ষিণ আইচা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করান। পরে তাকে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ আইচা থানার চর আইচা গ্রামের মৃত মুছা মাঝির ছেলে বাবুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্থানীয় সাধারণ মানুষ। এর আগেও তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মনির পাটোয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাবুলকে কয়েকবার আটক করা হলেও জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।

এদিকে, স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৪৮ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ