
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
ঢাকার সাভারে দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তাইফুর রহমান তুহিন এবং এসএ টিভির সাংবাদিক সাদ্দামসহ তাদের টিমের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি কলাপাড়া এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম। এতে গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, একজন প্রথম শ্রেণির সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তি তুহিনের ওপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত। তারা দ্রুত হামলার মূলহোতা ও মাদক ব্যবসায়ী শামীমসহ সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির, মেসবাহউদ্দিন মান্নু, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বাস শিহাব পারভেজ, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরিফ সুমন, মানবকণ্ঠের গোফরান পলাশ, একাত্তর টিভির মিলন কর্মকার রাজু, এখন টিভির জসীম পারভেজ, দীপ্ত টিভির ইমরান, বিজয় টিভির নাহিদ পারভেজ এবং আনন্দ টিভির সুজন মৃধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার ঢাকার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় মাদক চোরাকারবারি ও মাদক বিস্তার নিয়ে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক তুহিন ও সাদ্দামসহ তাদের টিমের সদস্যরা হামলার শিকার হন।
এমবি/এমআর