গোপালগঞ্জে চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

হোম » ঢাকা » গোপালগঞ্জে চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


গোপালগঞ্জে চুরির সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে ব্যাটারিচালিত রিকশা চুরির সন্দেহে আল আমিন শেখ (৩০) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আল আমিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের ওই বাসার কেয়ারটেকার কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন আল আমিন। দুই দিন আগে গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আল আমিনকে সন্দেহ করা হয়। বুধবার তাঁকে বাসায় আটকে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির বাথরুম থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, আল আমিনের মা গ্রামের বাড়ি থেকে এসে ঘরের দরজা বন্ধ পান। পরে ডাকাডাকি করলে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দেয়। ঘরে ঢুকে তিনি বাথরুমে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুর পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১১:২৩:৩১ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ