
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নারী ও পুরুষের আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা আদায়ের অভিযোগে রিমন ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মুসলিম নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে র্যাব-১১ এর সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম।
এ ঘটনায় গত ৬ মে রিমনসহ দুইজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় চাঁদাবাজির মামলা করেন কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার ঠিকাদার নাসির উদ্দিন মোল্লা মিন্টু।
পরে সোমবার সন্ধ্যায় রিমনকে থানায় আনা হলে থানার সামনে উত্তেজিত জনতা জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উপযুক্ত বিচারের আশ্বাস দিলে জনতা শান্ত হয়ে স্থান ত্যাগ করে।
মামলার বাদী মিন্টু জানান, কয়েকদিন আগে অভিযুক্তরা একটি ফেসবুক পেইজে তার বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস দেয়। পরে এআই প্রযুক্তি ব্যবহার করে একটি নারীর সঙ্গে তার সম্পৃক্ত ভুয়া ছবি তৈরি করে তা প্রচার করা হয় এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে এআই দিয়ে তৈরি ভিডিও প্রকাশের হুমকিও দেওয়া হয়। পরে তিনি বাধ্য হয়ে বিকাশের মাধ্যমে ধাপে ধাপে প্রায় ১ লাখ টাকা প্রদান করেন। এরপরও আরও চাঁদা দাবি করা হলে তিনি থানায় মামলা করেন।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তাকে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।