কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি আহত

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি আহত
সোমবার ● ১১ মে ২০২৬


 

আহত মো. মনোয়ার হোসেন প্যাদা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে মো. মনোয়ার হোসেন প্যাদা (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

 

সোমবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বড়হোতা এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত মনোয়ার হোসেন প্যাদা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি জানান, ওই এলাকার একটি ঘের তিনি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। সকালে ঘেরে গিয়ে তিনি দেখতে পান আজিম হাওলাদার, আবু বকর হাওলাদারসহ ৩-৪ জন ব্যক্তি সেখানে মাছ ধরছেন। এতে বাধা দিলে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 

অন্যদিকে অভিযুক্ত আজিম হাওলাদার দাবি করেন, তার ছেলে ওই খালে মাছ ধরছিল। এ সময় মনোয়ার হোসেন তার ছেলের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং একপর্যায়ে মনোয়ার হোসেন মাথায় আঘাত পান বলে তিনি জানান।

 

এ বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:০৫:৫৫ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ