গলাচিপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন পেশাগত মর্যাদার দাবি

হোম » পটুয়াখালী » গলাচিপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন পেশাগত মর্যাদার দাবি
সোমবার ● ১১ মে ২০২৬


 

গলাচিপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন পেশাগত মর্যাদার দাবি

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার (১১ মে) সকাল ৯টায় গলাচিপা হাসপাতাল রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে ফারিয়া (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন)-এর সভাপতি মো. জাহিদুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম আরিফ বক্তব্য দেন। এছাড়া ম্যানেজার ফোরামের সভাপতি মো. ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন এবং সদস্য মো. হুমায়ুন কবিরও বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, তারা দালাল নন; বরং উচ্চশিক্ষিত ও পেশাগতভাবে নিয়োজিত কর্মী হিসেবে চিকিৎসকদের কাছে ওষুধ কোম্পানির বৈজ্ঞানিক তথ্য, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেন। তাদের মতে, এ কার্যক্রম রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করে এবং দেশের ওষুধ শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

তারা আরও জানান, দেশের প্রায় তিন লাখ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যারা সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার সঙ্গে যুক্তদের কাছে আধুনিক তথ্য সরবরাহ করেন।

 

অভিযোগ করে বক্তারা বলেন, দায়িত্ব পালনের সময় অনেক সময় তারা অপমান ও মানসিক হয়রানির শিকার হন। এমনকি কেউ কেউ তাদের ‘দালাল’ বলে অভিহিত করেন, যা তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছে এবং মানসিকভাবে বিপর্যস্ত করছে।

 

মানববন্ধন থেকে সরকারের কাছে তিনটি প্রধান দাবি জানানো হয়- পেশাগত মর্যাদা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ প্রতিষ্ঠা এবং নিরাপদ ও সুশৃঙ্খল কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

 

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাদের পেশার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা পাবে এবং দেশের স্বাস্থ্যখাত আরও গতিশীল হবে।

বাংলাদেশ সময়: ১৬:২০:৩৪ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ