মুলাদীতে বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ

হোম » বরিশাল » মুলাদীতে বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, মুলাদী (বরিশাল)

বরিশালের মুলাদীতে এক বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণের পর দুই লাখ টাকা দাবি ও হুমকির অভিযোগে দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভুক্তভোগী নারী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন।

 

অভিযুক্তরা হলেন চরলক্ষ্মীপুর গ্রামের মৃত জব্বার ব্যাপারীর ছেলে হালিম ব্যাপারী (৬০) এবং একই এলাকার মৃত সুয়াজেল খন্দকারের ছেলে মাসুদ খন্দকার (৪০)।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হালিম ব্যাপারী দীর্ঘদিন ধরে ভুক্তভোগী বৃদ্ধার প্রতি অশোভন আচরণ ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানিয়ে বিচার চাইলে তিনি ক্ষিপ্ত হন এবং হুমকি দেন।

 

এরপর গত ২২ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে হালিম ব্যাপারী ও মাসুদ খন্দকার কৌশলে ওই বৃদ্ধার ঘরে প্রবেশ করেন বলে অভিযোগে বলা হয়েছে। সেখানে হালিম ব্যাপারী তাকে ধর্ষণ করেন এবং মাসুদ খন্দকার ঘটনাটি ভিডিও ধারণ করেন। পরে অভিযোগ অনুযায়ী মাসুদ খন্দকারও ওই বৃদ্ধাকে ধর্ষণ করেন।

 

পরে ধারণ করা ভিডিও দেখিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

 

অভিযুক্ত হালিম ব্যাপারী অভিযোগ অস্বীকার করে বলেন, মাসুদ খন্দকার শুধু ভিডিও ধারণ করেছিলেন, তবে টাকা দাবির বিষয়ে তিনি কিছু জানেন না।

 

মুলাদী থানার পরিদর্শক (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আদালতের নির্দেশনা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তার কার্যক্রম নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:২২:০৮ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ