
সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর তদন্ত চলমান থাকলেও রিপোর্ট দাখিলের আগেই তাকে বদলি করা হয়েছে। বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম তদন্ত কমিটি গঠন করার পরও গত ৩০ এপ্রিল তাকে ভাণ্ডারিয়া থেকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বদলি করা হয়।
জানা গেছে, অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ১৯ এপ্রিল এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক সেরাজ আহমদের নেতৃত্বে গঠিত কমিটি ২৭ এপ্রিল দিনব্যাপী ভাণ্ডারিয়া কার্যালয়ে উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, মেডিকেল অফিসার, পরিদর্শক, মাঠকর্মীসহ স্থানীয় সাংবাদিক ও প্রেসক্লাব প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়।
বদলি আদেশে আগামী ৫ মে ২০২৬ এর মধ্যে নতুন কর্মস্থল কাঠালিয়া উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্ত শেষ না হতেই বদলির ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। তাদের অভিযোগ, বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই বদলি করায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে।
এর আগে গত ৭ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘ভাণ্ডারিয়া পরিবার পরিকল্পনা দপ্তরের পারিশ্রমিক-ভ্রমণ ভাতায় কমিশন বাণিজ্য’ শিরোনামে আরও একটি প্রতিবেদন প্রকাশিত হলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ থাকলেও দীর্ঘ ছয় মাসেও তা প্রকাশ হয়নি।
এ বিষয়ে বিভাগীয় পরিচালক মো. আবুল কালাম সাগরকন্যাকে বলেন, ‘একটি তদন্ত প্রতিবেদন পেয়েছি, তবে এতে অসংগতি থাকায় উচ্চ পর্যায়ের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই প্রতিবেদন পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম ও দুর্নীতি করে কেউ পার পাবে না।’