আমতলীতে অবৈধ মজুদ: ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, দুই বিক্রেতার জরিমানা

হোম » বরগুনা » আমতলীতে অবৈধ মজুদ: ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, দুই বিক্রেতার জরিমানা
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬


 

আমতলীতে অবৈধ মজুদ: ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, দুই বিক্রেতার জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় অবৈধভাবে তেল মজুদ ও বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২০ এপ্রিল) বিকেলে আমতলী পৌর শহরের একে স্কুল চৌরাস্তা সড়ক ও ঘটখালী এলাকায় দুটি পৃথক দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৯৮০ লিটার ডিজেল, ২২০ লিটার পেট্রোল এবং ২০০ লিটার অকটেন জব্দ করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জ্বালানি তেল আইন অনুযায়ী দুই বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

 

অভিযানকালে গাড়িতে অতিরিক্ত জ্বালানি তেল বহনকারী এবং যাদের কাছে বৈধ কাগজপত্র ছিল না, তাদের জব্দকৃত তেল ফেরত দেওয়া হয়নি। পরে জব্দকৃত তেল স্থানীয় দুটি পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, বিক্রি ও পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

বাংলাদেশ সময়: ১১:৪৫:১৮ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ