কলাপাড়ায় কোচিং শিক্ষকের স্বেচ্ছাচারিতায় ফরম পূরণ হয়নি, এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

হোম » লিড নিউজ » কলাপাড়ায় কোচিং শিক্ষকের স্বেচ্ছাচারিতায় ফরম পূরণ হয়নি, এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬


 

শিক্ষার্থী মো. দ্বীন ইসলাম

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

দেশব্যাপী আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে পটুয়াখালীর কলাপাড়ার শিক্ষার্থী মো. দ্বীন ইসলামের। বিদায় অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরও তাকে জানানো হয়নি যে তার ফরম পূরণই করা হয়নি- এ ঘটনায় কোচিং সেন্টার পরিচালকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

রবিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া দ্বীন ইসলাম জানায়, তখন পর্যন্ত বলা হয়েছিল বিকেলে প্রবেশপত্র দেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়, তার ফরম পূরণই হয়নি। এতে শ্রমজীবী পরিবারের এই শিক্ষার্থী হতাশায় ভেঙে পড়েছে।

জানা যায়, কলাপাড়ায় অনির্বাণ কোচিং সেন্টার কাম কথিত মডেল স্কুলের অধীনে মোট ১২ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা এবং তাদের কাঠালপাড়া এলাকার একটি স্কুল কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়ার জন্য নির্ধারিত ছিল।

দ্বীন ইসলামের মা আনোয়ারা বেগম সাগরকন্যাকে বলেন, ‘ফরম পূরণের জন্য সাড়ে তিন হাজার টাকাসহ মোট চার হাজার টাকা দিয়েছি। অনেক কষ্ট করে গাছের তুলা বিক্রি করেছি, এমনকি একটি ছাগলও বিক্রি করতে হয়েছে। রোজার আগেই শাহীন স্যারকে টাকা দেওয়া হয়েছে। কিন্তু বারবার বললেও প্রবেশপত্র দেওয়া হয়নি, আজ জানতে পারলাম আমার ছেলের ফরমই পূরণ হয়নি।’

তার স্বামী একটি চালের দোকানে কাজ করেন বলেও জানান তিনি।

অভিযোগ রয়েছে, অনির্বাণ কোচিং সেন্টার পরিচালনাকারী শিক্ষক মো. শাহীনের অবহেলা ও স্বেচ্ছাচারিতার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ‘অনির্বাণ কোচিং সেন্টার’ এটি একটি বাণিজ্যিক কোচিং সেন্টার, কোনো স্বীকৃত বিদ্যালয় নয়। শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ৬:২২:৪৭ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ