বরিশালসহ পাঁচ বিভাগে তাপপ্রবাহের শঙ্কা, শেষে ধেয়ে আসছে বজ্রবৃষ্টিবলয়

হোম » আবহাওয়া » বরিশালসহ পাঁচ বিভাগে তাপপ্রবাহের শঙ্কা, শেষে ধেয়ে আসছে বজ্রবৃষ্টিবলয়
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬


 

প্রতীকী চিত্রটি সংগৃহীত

সাগরকন্যা ডেস্ক

দেশজুড়ে আবহাওয়ায় চরম অস্থিরতা দেখা দিয়েছে। তীব্র গরম ও তাপপ্রবাহের পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনায় পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বরিশালসহ দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে।

সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেন, মঙ্গলবার থেকে বরিশাল, খুলনা, রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগের জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে। এটি ২৭ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, দেশের দিকে শক্তিশালী বজ্রবৃষ্টিবলয় ধেয়ে আসছে। সম্ভাব্য সময় ২৬ বা ২৭ এপ্রিল থেকে ৭ বা ৮ মে পর্যন্ত। এ সময় পর্যায়ক্রমে সারাদেশে বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে।

তাদের মতে, সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগ। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে অধিক সক্রিয় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি মাত্রায় সক্রিয় থাকতে পারে এই বৃষ্টিবলয়।

এই সময় সিলেট অঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের শঙ্কার কথাও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৯:২১ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ