
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটায় পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে পুবালী ব্যাংক আলীপুর উপশাখার আয়োজনে কুয়াকাটা চৌরাস্তায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কুয়াকাটা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুবালী ব্যাংক আলীপুর উপশাখার শাখা প্রধান মোঃ রেজাউল করিম। পুবালী ব্যাংক কলাপাড়া শাখা প্রধান মোঃ কাজী রেজাউল ইসলাম রিয়াজের সভাপতিত্বে আয়োজিত ক্যাম্পেইনে আরও বক্তব্য রাখেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাসেল খানসহ অন্যান্যরা।
বক্তারা পুবালী ব্যাংকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন এবং কুয়াকাটায় স্থায়ী শাখা বা বুথ স্থাপনের দাবি জানান।
ব্যাংক কর্মকর্তারা জানান, ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের জন্য ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, ব্যাংকিং অ্যাপে রেজিস্ট্রেশন সুবিধা, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এবং ব্যবসায়ীদের জন্য পিওএস ও বাংলা কিউআর কোড সেবার আবেদনসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরি করা হচ্ছে।
এদিকে, গ্রাহক ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে কুয়াকাটায় একটি ইলেকট্রনিক বুথ স্থাপনের ঘোষণা দেন ব্যাংক কর্মকর্তারা।