
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতাহার সিকদার (৭৫) ও সোহেল খাঁন (৩০) নামের দুইজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামের আতাহার সিকদার রবিবার ফজরের নামাজ শেষে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় তিনি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির ছেঁড়া তার পড়ে থাকতে দেখে তা অপসারণ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে একই দিন সকাল আনুমানিক ৯টার দিকে তালতলী উপজেলার দক্ষিণ কড়াইবাড়িয়া গ্রামের আজিজ খাঁনের ছেলে সোহেল খাঁন নিজ বাড়ির রান্নাঘরের তারে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে রক্ষায় বাবা আজিজ খাঁন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল খাঁনকে মৃত ঘোষণা করেন। আহত আজিজ খাঁনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান সোহেল খাঁনকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, ‘বাবা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। এর মধ্যে ছেলে মারা গেছেন।’
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাইদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বৃদ্ধ আতাহার সিকদারের মরদেহ তার পরিবারের সদস্যরা দাফন করেছেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে আর্থিক সহায়তা প্রদান করা হবে।