
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে গভীর রাতে ডাকাতির চেষ্টা ব্যর্থ করে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে গৃহকর্তা ও ডাকাতদের সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক উজ্জ্বল বাহাদুর (৫১) ও তার ছেলে মিশকাফ বাহাদুর (১৯)।
রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে সাত সদস্যের একটি ডাকাত দল উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা গৃহকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দলের বাকি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষে এক ডাকাত গুরুতর আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই ডাকাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত উজ্জ্বল বাহাদুর ও তার ছেলে মিশকাফ বাহাদুরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
নিহত ডাকাত দুলাল (পরিচয় শনাক্তকৃত) বরিশালের হিজলা উপজেলার একতা বাজার এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পালিয়ে যাওয়া অন্যদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
উজ্জ্বল বাহাদুর স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে ডাকাত দলটি বাড়িতে ঢুকেছিল। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার কিছু সময় পর ওই ডাকাতের মৃত্যু হয় এবং আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।