কাউখালীতে খাল পুনঃখনন উদ্বোধন: দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

হোম » পিরোজপুর » কাউখালীতে খাল পুনঃখনন উদ্বোধন: দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
বুধবার ● ১৫ এপ্রিল ২০২৬


 

কাউখালীতে খাল পুনঃখনন উদ্বোধন: দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

খাল পুনঃখননসহ সব উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।

 

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দাসেরকাঠী দরগাবাড়ি খালের (মেম্বর বাড়ি থেকে মোতাচ্ছের মিয়ার বাড়ি পর্যন্ত) পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, ‘খাল খনন কর্মসূচিসহ সব উন্নয়নমূলক কাজে যেন কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। কেউ দুর্নীতি বা অনিয়ম করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

 

তিনি আরও জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি ও কৃষিখাতে পড়তে শুরু করেছে। এ কারণে জ্বালানি তেল ও বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

 

নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার ইতোমধ্যে নেছারাবাদে কৃষি কার্ড এবং দেশের বিভিন্ন স্থানে “ফ্যামিলি কার্ড” বিতরণ শুরু করেছে। পর্যায়ক্রমে সব উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে।’

 

অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২৪:৪২ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ