বরগুনায় যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর, সন্তান নিয়ে স্বামীর পলায়ন

হোম পেজ » বরগুনা » বরগুনায় যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর, সন্তান নিয়ে স্বামীর পলায়ন
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬


 

বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর, সন্তান নিয়ে স্বামীর পলায়ন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে শিশু সন্তানকে জোরপূর্বক নিয়ে উধাও হওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দেন।

মামলার প্রধান আসামি পাথরঘাটা উপজেলার শিংড়াবুনিয়া বাইনচটকি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. শাহারিয়া (৪১)। অপর আসামি তার বড় ভাই মো. আরিফ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে শাহারিয়ার বিয়ে হয়। তাদের ৬ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বেকার স্বামী দীর্ঘদিন ধরে ব্যবসার জন্য তিন লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

অভিযোগে বলা হয়, গত ৩১ মার্চ সকালে গৃহবধূর বাবার বাড়িতে গিয়ে দুই ভাই তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে তারা গৃহবধূকে মারধর করে এবং ৬ বছরের কন্যা সন্তানকে জোর করে নিয়ে যান।

আহত গৃহবধূ বলেন, ‘আসামিদের মারধরে আমি গুরুতর আহত হয়ে পড়ি। এ সময় আমার স্বামী ও ভাসুর আমার সন্তানকে জোর করে নিয়ে যায়। স্বামী বলে গেছে, তিন লাখ টাকা দিলে তবেই সন্তান ফেরত দেবে।’

তিনি আরও বলেন, ২০২২ সালের ২৫ অক্টোবরও একইভাবে যৌতুক দাবিতে তাকে নির্যাতন করা হয়েছিল। সে সময় তিনি মামলা করলেও আসামিরা আপসের মাধ্যমে তা নিষ্পত্তি করে। পরে আবারও একইভাবে যৌতুক দাবি শুরু হয়।

এ বিষয়ে আসামি শাহারিয়ারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৫৯ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ