ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই: হাফিজ ইব্রাহিম

হোম » ভোলা » ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই: হাফিজ ইব্রাহিম
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬


ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই: হাফিজ ইব্রাহিমসাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারসহ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর ভোলার দৌলতখান উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

হাফিজ ইব্রাহিম বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করা না গেলে যেকোনো সময় ডেঙ্গু মহামারি আকার ধারণ করে মানুষের জীবন বিপন্ন করতে পারে।

 

উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন জহির। এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক শাজাহান সাজু।

 

এর আগে দৌলতখানের উপশহর বাংলাবাজারেও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন জহিরসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৩:১৩:১৮ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ