
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, নির্বাচনের অল্প সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার।
সোমবার (১৬ মার্চ) দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩৭ নম্বর শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “ভোটের কালি এখনো মুছে যায়নি, এক মাসও পার হয়নি। এর মধ্যেই নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী।” তিনি জানান, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড চালু, ইমামদের উপহার প্রদান এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করাই সরকারের লক্ষ্য। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ রাসেল এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
এর আগে প্রতিমন্ত্রী কাউখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও সমন্বয় সভায় বক্তব্য রাখেন। পরে উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও খেজুর বিতরণ করেন এবং বিকেলে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।