
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় চুরি হওয়া অটোরিকশা উদ্ধার ও অভিযুক্তদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। শনিবার বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে চুরি হওয়া অটোর মালিক সাঈদুল খানের বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে চালক মো. শাহিন খান প্রতিদিনের মতো কাজ শেষে অটোরিকশাটি মালিকের গ্যারেজে চার্জে রেখে যান। গভীর রাতে গ্যারেজের তালা ভেঙে গাড়িটি চুরি হয়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী মনির হোসেন ও কালাম মিয়া সাগরকন্যাকে জানান, ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তারা গ্রামের সড়কে মামুন, ইব্রাহিম ও জনৈক এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছিলেন। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর সহযোগিতায় মামুন ও ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা চুরির দায় স্বীকার করেন এবং চার দিনের মধ্যে গাড়িটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি কাগজে স্বাক্ষর করেন। তবে অভিযুক্ত মামুন হোসেন চুরির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি নিজেও একজন অটোরিকশা চালক এবং ঘটনার রাতে যাত্রী নামিয়ে ফেরার পথে তাকে সেখানে দেখা গিয়েছিল। তাকে মারধর করে জোরপূর্বক কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর অভিযুক্ত ইব্রাহিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অটোরিকশার মালিক সাঈদুল খান জানান, তিনি জমি বিক্রি ও ঋণ নিয়ে গাড়িটি কিনেছিলেন এবং বর্তমানে ঋণের কিস্তি পরিশোধ নিয়ে চরম বিপাকে পড়েছেন। এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ জানান, চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি; তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।