শহীদ দিবসে কালকিনি পৌরসভা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উত্তোলন হয়নি জাতীয় পতাকা

হোম পেজ » ঢাকা » শহীদ দিবসে কালকিনি পৌরসভা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উত্তোলন হয়নি জাতীয় পতাকা
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬


 

শহীদ দিবসে কালকিনি পৌরসভা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উত্তোলন হয়নি জাতীয় পতাকা

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান থাকলেও মাদারীপুরের কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং কালকিনি পৌরসভায় এ দিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় সরেজমিনে দেখা যায়, উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভের বিপরীতে থাকা কালকিনি পৌরসভা এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পতাকা উত্তোলিত ছিল না।

 

সচেতন নাগরিকরা এই অবহেলাকে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন এবং জাতীয় পতাকার প্রতি অসম্মান হিসেবে আখ্যায়িত করছেন। তারা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় পতাকা না লাগানো অত্যন্ত দুঃখজনক।

 

কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজজুল হক বেপারী বলেন, প্রতিদিন যে পতাকা উত্তোলন করে, তিনি অসুস্থ থাকায় হয়তো পতাকা লাগাতে পারেননি। আমি সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকায় খোঁজ নিতে পারিনি। তবে পতাকা না লাগানোটি ঠিক হয়নি।

 

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ উল আরেফিন জানান, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেসব প্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা। কালকিনি পৌরসভায় পতাকা কেন উত্তোলন করা হয়নি, বিষয়টি আমি খতিয়ে দেখব।

 

উল্লেখ্য, প্রতি বছরের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল সরকারি প্রতিষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪২:১১ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ