পটুয়াখালী-২ আসন নির্বাচন শেষে প্রতিদ্বন্দ্বীর বাসায় সৌজন্য সাক্ষাৎ, সৌহার্দ্যের বার্তা দিলেন ড. মাসুদ

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-২ আসন নির্বাচন শেষে প্রতিদ্বন্দ্বীর বাসায় সৌজন্য সাক্ষাৎ, সৌহার্দ্যের বার্তা দিলেন ড. মাসুদ
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬


পটুয়াখালী-২ আসন: নির্বাচন শেষে প্রতিদ্বন্দ্বীর বাসায় সৌজন্য সাক্ষাৎ, সৌহার্দ্যের বার্তা দিলেন ড. মাসুদ

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

বাউফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতার পর নির্বাচন-পরবর্তী সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নির্বাচনের প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নাজিরপুরে শহিদুল আলম তালুকদারের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ড. মাসুদ ফুলের মালা ও মিষ্টি নিয়ে সাবেক এমপিকে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন ধােনের শীষের নির্বাচন কমিটির সমন্বয়ক তসলিম তালুকদার, সাবেক এমপির পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন সাংবাদিক।

সাক্ষাতে দুই নেতা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। পরে পরস্পরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখের মাধ্যমে সৌহার্দ্য প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ৯৮ হাজার ৪৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার পান ৭২ হাজার ১৯১ ভোট। ২৬ হাজার ২৪৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন ড. মাসুদ।

স্থানীয়দের মতে, এ সাক্ষাৎ গণতান্ত্রিক রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ইতিবাচক বার্তা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০৬:১৪ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ