বরগুনা-১ আসনে নতুন ভোটারই নির্ধারণ করবেন জয়-পরাজয়

হোম পেজ » বরগুনা » বরগুনা-১ আসনে নতুন ভোটারই নির্ধারণ করবেন জয়-পরাজয়
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬


বরগুনা-১ আসনে নতুন ভোটারই নির্ধারণ করবেন জয়-পরাজয়

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-বরগুনা সদর-তালতলী) আসনে ৩৫ হাজার ৫৪৮ নতুন ভোটারই জয়-পরাজয়ের মূল ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে। সচেতন নাগরিকদের মতে, তাদের ভোটেই পাল্টে যেতে পারে ফলাফলের চিত্র।

জানা গেছে, নির্বাচনের আর বাকি ৯ দিন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে ৩৫ হাজার ৫৪৮ জন নতুন ভোটার, যারা এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। নতুন ভোটারদের অনেকেই সংবিধান সংশোধনে ‘হ্যাঁ’ ভোট এবং সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।

এ আসনে বিএনপির মো. নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলি উল্লাহ, ১০ দলীয় জোটের অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন এবং জাতীয় পার্টি-জেপির জামাল হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাঠপর্যায়ে মূল লড়াই হচ্ছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মধ্যে।

নতুন ভোটার মারুফ হাওলাদার বলেন, দল বড় বিষয় নয়। হ্যাঁ ভোটের সঙ্গে সৎ ও যোগ্য প্রার্থী দেখেই ভোট দেব।
নতুন ভোটার হাফিজুর রহমান অভি ও রুম্মান জানান, উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন-এমন প্রার্থীকে তারা ভোট দেবেন এবং প্রথম ভোট যেন ইতিহাস হয়ে থাকে, সেই ভাবনাই তাদের কেন্দ্রে নেবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. অলি উল্লাহ বলেন, নতুন ভোটারদের অগ্রাধিকার দিচ্ছেন তিনি। বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, নতুন ভোটারদের প্রথম ভোট ধানের শীষ প্রতীকে হবে-এটাই তার প্রত্যাশা।

আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সচেতন নাগরিক মো. জসিম উদ্দিন সিকদার বলেন, নতুন ভোটারদের উপস্থিতি বেশি হবে এবং তাদের ভোটেই বিজয় নির্ধারিত হবে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৫০ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ