রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

হোম » খুলনা » রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬


 

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ হয়ে গেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিটটি বন্ধ হওয়ার পর কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।

 

বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, গত কয়েক দিন কয়লা সংকটের কারণে কেন্দ্রটির উৎপাদন কিছুটা কম ছিল। তবে সম্প্রতি প্রয়োজনীয় কয়লা মজুত হওয়ায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চলছিল। কেন্দ্রটি জাতীয় গ্রিডে প্রতিদিন ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করে আসছিল।

 

রবিবার হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দিলে ২ নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।

 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রক্ষণাবেক্ষণ কাজের জন্য রামপালের ইউনিট-২ বন্ধ রাখা হয়েছে।’

 

তিনি জানান, কোনো ইউনিট বন্ধ হলে পরিদর্শন ও মেরামতের আগে সেটি কুল ডাউন বা ঠান্ডা করতে হয়। বর্তমানে ইউনিটটি সেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইউনিটটি পরীক্ষা করতে ভারত থেকে দুজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা রয়েছে।

 

মো. জহুরুল ইসলাম বলেন, ‘বিশেষজ্ঞ প্রকৌশলীরা এসে পর্যবেক্ষণ করার পর বলা সম্ভব হবে, ইউনিটটি কবে নাগাদ উৎপাদনে ফিরবে। আপাতত দুই দিন পর পরিস্থিতি স্পষ্ট বোঝা যাবে।’

 

কেন্দ্রটির ২ নম্বর ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইউনিটটি দ্রুত সচল করতে কর্তৃপক্ষ প্রাথমিক কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৯:০৩:২৯ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ