কালকিনির আড়িয়াল খাঁ নদে নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজ

হোম » ঢাকা » কালকিনির আড়িয়াল খাঁ নদে নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজ
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬


 

কালকিনির আড়িয়াল খাঁ নদে নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজ

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং বাঁশগাড়ী ইউনিয়নের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত হাবিবুর রহমান আজাদের স্মরণে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আড়িয়াল খাঁ নদে আয়োজিত এ নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকা থেকে আসা নারী, পুরুষ, শিশু ও কিশোররা। প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

 

খাসেরহাট ব্রিজ থেকে সমিতিরহাট লঞ্চঘাট পর্যন্ত নদীপথে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। নৌকা বাইচের বিভিন্ন দল নদীতে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। নদীর দুই পাড় থেকে দর্শনার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতা উপভোগ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এমপি। প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক, মাদারীপুর-৩ আসনের এমপি আনিসুর রহমান তালুকদার খোকন।

 

বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মামুন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মিরাজ হোসেন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১০:২০:২২ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ