প্রবাসীদের কাছ থেকে চুরি-ছিনতাই করা মালামালসহ গ্রেপ্তার ১

হোম » ঢাকা » প্রবাসীদের কাছ থেকে চুরি-ছিনতাই করা মালামালসহ গ্রেপ্তার ১
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬


 

প্রবাসীদের কাছ থেকে চুরি-ছিনতাই করা মালামালসহ গ্রেপ্তার ১

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রবাসীদের কাছ থেকে চুরি ও ছিনতাই করা একাধিক আইফোন, বিদেশি ব্র্যান্ডের মোবাইল ফোন ও বিদেশি মুদ্রাসহ আলামিন শেখ (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের দাবি, আলামিন একজন চিহ্নিত মাদককারবারি। তিনি গাড়িচালকের পরিচয়ে ঢাকার বিমানবন্দর এলাকায় বিদেশফেরত প্রবাসীদের টার্গেট করে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত ছয়টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

 

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার আলামিনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন কবীর, সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন দেবনাথসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:৩৯ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ