
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় দুমকি বাজার মসজিদ চত্বরে উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. সানাউল্লাহ নূরীর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মো. আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. সোহেল মাহমুদ।
এ সময় জমিয়াতে হিযবুল্লাহ দুমকি উপজেলা শাখার সভাপতি প্রফেসর মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ক্বারী মো. আবুল কালাম, তালিম ও তরীকত সম্পাদক মাওলানা মো. মহিউদ্দীন, সাংগঠনিক সম্পাদক ডা. হাফেজ মাওলানা মো. নুরুজ্জামান তরিক, যুব হিযবুল্লাহ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ বিন নাসির এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কাইয়ুম বক্তব্য রাখেন।
শপথ গ্রহণ পর্বে ২০২৬-২৭ সেশনের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মাওলানা মো. সানাউল্লাহ নূরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মো. বাহাউদ্দিন শপথ গ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি নবনির্বাচিত নেতৃবৃন্দকে সততা, শৃঙ্খলা ও আদর্শের ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথি ও সংগঠনের দায়িত্বশীলদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।