
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে সচেতন ও প্রযুক্তি-দক্ষ করে তোলার লক্ষ্যে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচ. এম. তারিকুল ইসলাম কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। প্রধান আলোচক ছিলেন ইউএইচএফ গ্লোবাল কনসোর্টিয়াম, কানাডার সমন্বয়ক অধ্যাপক বি. সি. পান্ডে। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সেল হিউম্যানিটি ফাউন্ডেশন (ইউএইচএফ), কানাডার কো-অর্ডিনেটর টেরি ক্রুপেট এবং বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম কাজল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহিম বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই শিক্ষার্থীদের এআই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
প্রধান আলোচক অধ্যাপক বি. সি. পান্ডে বৈশ্বিক প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, চ্যালেঞ্জ, নৈতিক ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম. মানিক হাসান। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল রাজ্জাক।
বক্তারা বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়া সময়ের দাবি। বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে স্থানীয় পর্যায় থেকেই প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণামুখী চিন্তাভাবনা এবং উদ্ভাবনী নেতৃত্বের বিকাশে গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষাসামগ্রী ও বই বিতরণ করা হয়েছে।