
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় হুমায়ুন তালুকদার নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের দিকে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে সার্ভারে তার নাম স্টপলিস্টে দেখায়। পরে দায়িত্বরত পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। তার পাসপোর্ট নম্বর এ০৫০২৫৪৫৪।
ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হুমায়ুন তালুকদার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি এফআইআর নম্বর-০৫, তারিখ ৪ জানুয়ারি ২০২৬। এতে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারাসহ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হুমায়ুন তালুকদারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মির্জাপুর থানায় খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে তাদের কাছে সোপর্দ করা হবে।