মহিপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি গ্রেফতার

হোম » পটুয়াখালী » মহিপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি গ্রেফতার
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


মহিপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি গ্রেফতারসাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে পূর্ববিরোধের জেরে ব্যবসায়ী মো. ইদ্রিস আকনকে (৩৬) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আল রুমান ওরফে সাব্বিরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মহিপুর থানা এলাকার আলীপুর মাছ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া সাব্বির আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী মো. আবুল হোসেন কাজী ওরফে আবুল কোম্পানির ছেলে। মামলায় অভিযোগ করা হয়েছে, আবুল হোসেন কাজীর নির্দেশ ও অংশগ্রহণে সাব্বিরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আকনের ওপর হামলা চালান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুলাল জোমাদ্দারের বাড়ির সামনের একটি মুদি দোকানে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা চাইনিজ কুড়াল, হাতুড়ি, ধারালো দা ও লোহার রড দিয়ে ইদ্রিস আকনকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তার বাম হাত, গোড়ালি, পাঁজর ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আহত ইদ্রিস আকনকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ২৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে কিছুটা সুস্থ হলে তিনি সাব্বিরসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মহিপুর থানায় লিখিত এজাহার দেন।

এ ঘটনায় মঙ্গলবার (৪ আগস্ট) মহিপুর থানায় নিয়মিত মামলা (নং-০২) দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন মহিপুর থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. জহিরুল ইসলাম।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, মামলা রুজুর পরপরই অভিযান চালিয়ে আলীপুর মাছ বাজার এলাকা থেকে প্রধান আসামি মো. আল রুমান ওরফে সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:১১ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ