
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলা উপজেলা ভূমি অফিসে মিউটেশন (নামজারি) কার্যক্রমে অনিয়ম, হয়রানি ও ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সনজিত মজুমদার।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোংলার বাসিন্দা সনজিত মজুমদার অভিযোগ করেন, তার পৈতৃক সম্পত্তির নামজারির জন্য একাধিকবার আবেদন করলেও বিভিন্ন অজুহাতে তা ঝুলিয়ে রাখা হয়। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
সনজিত অভিযোগ করেন, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহায়ক নাইমুল ইসলাম প্রতিটি মিউটেশন মামলার জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে সহকারী কমিশনার (ভূমি) ফাইলে স্বাক্ষর করবেন না বলেও তাকে জানানো হয় বলে অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফের সঙ্গে দেখা করতে গেলে অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলেও দাবি করেন সনজিত।
ভুক্তভোগী বলেন, সরকারি নির্ধারিত ফি থাকার পরও অতিরিক্ত অর্থ দাবি এবং সেবা নিতে এসে হয়রানির শিকার হওয়ায় তিনি জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি। দ্রুত তার পৈতৃক সম্পত্তির নামজারি সম্পন্ন এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওয়ারিশ কায়েম ঠিক না থাকায় নামজারি করা হয়নি। সঠিক কাগজপত্র নিয়ে এলে নামজারি সম্পন্ন করে দেওয়া হবে।’ কাঙ্ক্ষিত সেবা না পেয়ে সেবাগ্রহীতা ক্ষিপ্ত হয়ে এমন অভিযোগ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।