
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাকেরগঞ্জে বালুভর্তি বস্তার মধ্যে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তার কাছে থাকা হনুফা বেগম, ইতি ও ফাহিম দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের স্বজনরা জানান, বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে তারা প্রাণ বাঁচাতে বাড়ির সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ‘ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে একটি বোমার মতো বস্তু বিস্ফোরিত হয়। এতে আমার মা, বোন ও ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। তবে ওই বিস্ফোরকটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে আমাদের কিছু জানা নেই।’
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’